ইউনিয়ন বিএনপি নেতার প্রশ্রয়ে ত্রিশালে টেক্সটাইল শ্রমিকদের ওপর হামলা
- আপডেট সময় : ০২:৩৭:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহের ত্রিশালে একটি টেক্সটাইল কারখানার শ্রমিকদের ওপর হামলা ও কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলার সতেরপাড়া এলাকায় অবস্থিত লান্তাবুর টেক্সটাইল লিমিটেডের শ্রমিক আবুল বাশার মো. মারুফ আহাম্মেদ (৪০)সহ কয়েকজন শ্রমিক ঈদের ছুটি শেষে গত ২৬ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে কর্মস্থলে যোগ দিতে যান। এ সময় অভিযুক্তরা তাদের কারখানায় প্রবেশে বাধা দেন।
শ্রমিকদের অভিযোগ, বাধা দেওয়ার প্রতিবাদ করলে অভিযুক্তরা লোহার রড ও বাঁশের লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়।
ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, হামলাকারীরা তাদের ভবিষ্যতে কারখানায় কাজে যোগ দিতে নিষেধ করে এবং প্রাণনাশের হুমকিও দেয়। পরে আহতরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।
এ ঘটনায় আবুল বাশার মো. মারুফ আহাম্মেদ বাদী হয়ে ফজলুল হক (৬৫) ও চাঁন মিয়া (৪০)সহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনের বিরুদ্ধে ত্রিশাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন বিএনপি নেতা খালেক মেম্বারের ইন্ধনে তার ভাতিজা চাঁন মিয়া ও ফজলুল হকসহ আরও কয়েকজন এই হামলায় অংশ নেয়। অভিযুক্তদের মধ্যে ফারুক, আনারুল, আব্দুল্লাহ, জামাল, স্বপন, আজহারুল, মোতালেব, হাবিবুর, দ্বীন ইসলাম, খোকন, হজু ও আকাশের নামও উল্লেখ করেছে প্রত্যক্ষদর্শীরা।
তবে ইউনিয়ন বিএনপি নেতা খালেক মেম্বার অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোন ইন্ধন দেইনি। উল্টো আমি বিশৃঙ্খলাকারীদের সরিয়ে দিয়েছি।
এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, আজ শুক্রবার সময় পাইনি। অভিযোগ পেয়েছি। আগামীকাল তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



















