যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার : মন্ত্রী
- আপডেট সময় : ১২:৫৯:১৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ১ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের চলমান সংঘাতের প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। এর প্রভাব পড়েছে দেশীয় আমদানিতেও। পূর্ব নির্ধারিত কিছু চালান বন্ধ হয়ে যাওয়ায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।জ্বালানিমন্ত্রী বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্র তাদের সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করবে বলে জানানো হয়েছে।
দেশে জ্বালানি মজুত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, বিদ্যমান মজুত কীভাবে সাশ্রয়ীভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা অব্যাহত রয়েছে। বর্তমানে যে মজুত আছে, তা দিয়ে মার্চ মাস পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানান তিনি। তবে ঈদের সময় পর্যন্ত কিছুটা সংকট অব্যাহত থাকতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন।তবে অসহনীয় বিদ্যুৎ সংকট হবে না বলে আশ্বস্ত করে তিনি বলেন, বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সচেতন হতে হবে।














