মাতৃত্বের গল্পে বাংলাদেশের ঐতিহ্য তুলে ধরলেন সামিরা খান মাহি
- আপডেট সময় : ০৯:২১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
- / 0
পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত ৭৫তম ‘মিস ইউনিভার্স ২০২৬’ প্রতিযোগিতার মঞ্চে বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেছেন ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’ সামিরা খান মাহি। গত ৭ নভেম্বর ঢাকার একটি অনুষ্ঠানে তানজিয়া জামান মিথিলার কাছ থেকে মুকুট গ্রহণের পর ১১ নভেম্বর থেকে শুরু হওয়া মূল প্রতিযোগিতার বিভিন্ন আয়োজনে অংশ নিচ্ছেন এই মডেল ও অভিনেত্রী।এবারের আসরের ন্যাশনাল কস্টিউম পর্বে মাহি ‘মাদারহুড: এ ইউনিভার্সাল বন্ড অব লাভ’ থিমের পোশাক উপস্থাপন করেন। বৃত্তাকার নকশার এই পোশাকটি জীবনের অবিচ্ছিন্ন চক্র এবং মা ও সন্তানের অটুট ভালোবাসার প্রতীক হিসেবে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের প্রকৃতি, ঐতিহ্য ও সৃজনশীলতাকে ফুটিয়ে তোলার পাশাপাশি দেশের মাতৃত্বের সংস্কৃতি ও মায়েদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই পোশাকের পরিকল্পনা করা হয়েছে।ন্যাশনাল কস্টিউম পর্বের ভিডিওটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন মাহি। ক্যাপশনে তিনি লেখেন, গভীর ভালোবাসা ও গর্বের সঙ্গে তিনি এই পোশাকটি উপস্থাপন করেছেন, যা তার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ থেকে অনুপ্রাণিত। পোশাকের প্রতিটি সূক্ষ্ম কারুকাজ নিঃশর্ত ভালোবাসা, শক্তি, ত্যাগ এবং মাতৃত্বের সুন্দর যাত্রার গল্প বলে। বৃত্তাকার নকশাটি জীবনের অন্তহীন চক্র এবং প্রজন্মের পর প্রজন্মের অবিচ্ছেদ্য বন্ধনকে ফুটিয়ে তুলেছে।মাহি আরও উল্লেখ করেন, এটি তার কাছে কেবল একটি পোশাক নয়; বরং প্রতিটি মায়ের অগণিত ত্যাগ ও ভালোবাসার প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। বাংলাদেশ থেকে বিশ্বমঞ্চে তিনি ভালোবাসার এই গল্প পৌঁছে দিতে পেরে গর্বিত। প্রতিযোগিতার ব্যস্ত সূচির ফাঁকে বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের সঙ্গে বাংলাদেশের সংস্কৃতি, খাবার, পোশাক ও ভাষা নিয়েও কথা বলছেন তিনি।
এর আগে ২০২৫ সালে ৭৪তম মিস ইউনিভার্স আসরে তানজিয়া জামান মিথিলা সেরা ৩০-এ জায়গা করে নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশকে সাফল্য এনে দিয়েছিলেন। সেই ধারাবাহিকতায় এবারের আসরে নিজেদের অবস্থান আরও এগিয়ে নিতে কাজ করছেন মাহি।আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে ৭৫তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসর অনুষ্ঠিত হবে। এবারের আয়োজনে দর্শকদের ভোটের মাধ্যমে একজন প্রতিযোগী সরাসরি সেরা ৩০-এ যাওয়ার সুযোগ পাচ্ছেন। ভোটের এই লড়াইয়ে মাহির অবস্থান নিয়েও দেশে ও বিদেশে আলোচনা চলছে।























