‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ১২:৫৮:০২ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২ বার পড়া হয়েছে
দেশের প্রতিটি নাগরিকের মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা প্রদান করেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়ে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে ই-হেলথ কার্ড চালুর প্রক্রিয়া দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন। সরকারের মূলনীতি হলো স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে মন্ত্রণালয়কে আরও সক্রিয় হওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার অব্যবহৃত বা পরিত্যক্ত ভবনগুলো চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে রূপান্তরের বিষয়ে আলোচনা হয়।অতিরিক্ত প্রেস সচিব জানান, শুধু এলজিইডি-র এমন ১৭০টি পরিত্যক্ত ভবন রয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এসব ভবন মেরামত করে ক্লিনিক ও স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।
দেশে প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতকের জন্মের পরিসংখ্যানে উদ্বেগ প্রকাশ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ অনুপাতে ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য থাকা ৭৪ হাজার পদে দ্রুত নিয়োগের বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে বিশেষ তাগাদা দিয়েছেন প্রধানমন্ত্রী।











