রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শান্তি আলোচনায় মুখোমুখি ইউরোপ-যুক্তরাষ্ট্র
- আপডেট সময় : ১১:৫০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
- / 1
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিশেষ করে যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে কখন এবং কীভাবে আলোচনা হবে, তা নিয়ে ভিন্ন অবস্থানে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন ও মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার।ইউরোপীয় নেতাদের মতে, ইউক্রেনে আগে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে। এরপর ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। তাদের আশঙ্কা, যুদ্ধবিরতির আগে এ বিষয়ে আলোচনা শুরু হলে রাশিয়া নিজেদের স্বার্থে বিষয়টি ব্যবহার করতে পারে।
তবে কুশনারের অবস্থান ভিন্ন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তা কাঠামো থেকে আলাদা করে চূড়ান্ত করা সম্ভব নয়। দুটি বিষয় একসঙ্গে আলোচনায় আনতে হবে।
কুশনারের মতে, ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার হামলা থেকে রক্ষায় ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়া হতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন নিশ্চয়তায় সম্মতি দেবেন তখনই, যখন বৃহত্তর নিরাপত্তা ব্যবস্থা নতুন করে যুদ্ধের ঝুঁকি কমিয়ে আনবে।
অন্যদিকে ফন ডার লিয়েনের অবস্থান, রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত হয়ে শান্তির বিষয়ে আন্তরিকতা দেখানোর পরই এ আলোচনা শুরু হওয়া উচিত। ইউরোপীয় কমিশনের মুখপাত্র পাওলা পিনহো জানিয়েছেন, এ বিষয়ে তাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। আলোচনায় ন্যাটো মিত্র ও ইইউ সদস্যদের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসও একই অবস্থান তুলে ধরেছেন। তার ভাষায়, প্রথমে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে, এরপর ইউরোপ ও আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে সমঝোতা হতে পারে।
এদিকে রাশিয়ার পুরোনো দাবির মধ্যে ন্যাটোর সম্প্রসারণ বন্ধ, ১৯৯৭ সালের সীমান্তে সেনা ফিরিয়ে নেওয়া এবং ইউক্রেনকে সামরিক সহায়তা বন্ধের বিষয় রয়েছে। এসব দাবি প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় দেশগুলো।
কুশনার জানিয়েছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিরাপত্তা কাঠামো নিয়ে একটি অভিন্ন সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়া এখনো যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের সঙ্গে একযোগে বহুপক্ষীয় আলোচনায় বসতে রাজি হয়নি।
সূত্র: ইউরো নিউজ

























