বড় ক্ষতি এড়ানো গেছে সংস্কার কাজ চলাকালেই সিসিএস দপ্তরে আগুন দুই দশক পর শুরু হয়েছে রেলওয়ের গুরুত্বপূর্ণ দপ্তরের সংস্কার
- আপডেট সময় : ০৫:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের পাহাড়তলীতে বাংলাদেশ রেলওয়ের চীফ কন্ট্রোলার অব স্টোরস (সিসিএস) দপ্তরে সংস্কারকাজ চলাকালে আগুনের একটি ঘটনা ঘটেছে। গত ১৩ মার্চ রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে দপ্তরের পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত তা নজরে আসায় এবং ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোয় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। সংস্কারকাজ শুরুর আগেই গুরুত্বপূর্ণ নথিপত্র অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল, ফলে দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র ও সরঞ্জাম অক্ষত রয়েছে।
দীর্ঘ প্রায় দুই দশক পর বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ প্রকিউরমেন্ট বিভাগ সিসিএস দপ্তরের অবকাঠামোগত সংস্কার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই দপ্তরের সংস্কার উদ্যোগ নিয়েছেন বর্তমান চীফ কন্ট্রোলার অব স্টোরস বেলাল হোসেন সরকার। সংশ্লিষ্টদের মতে, তাঁর উদ্যোগেই বহুদিনের অচলাবস্থা কাটিয়ে অবশেষে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মালামাল ক্রয়, গ্রহণ, সংরক্ষণ এবং বিভিন্ন দপ্তরে সরবরাহের কেন্দ্র হিসেবেই পরিচিত সিসিএস দপ্তর। এখান থেকেই রেলওয়ের প্রয়োজনীয় যন্ত্রাংশ, সরঞ্জাম ও অন্যান্য মালামাল ক্রয় ও বিতরণের গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালিত হয়। দপ্তরের অধীনে পি–১ থেকে পি–৭ পর্যন্ত একাধিক ক্রয় শাখা, শিপিং সেকশন, ইন্সপেকশন বিভাগ এবং বিভিন্ন গোডাউন রয়েছে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দপ্তরের ভবনগুলোর অবস্থা ছিল বেশ নাজুক। অনেক জায়গায় ছাদ ও সিলিং ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল, ভাঙাচোরা ফ্লোর, দেয়ালে ফাটল, নষ্ট দরজা–জানালা এবং পুরোনো বৈদ্যুতিক লাইনের কারণে কর্মকর্তা–কর্মচারীদের কাজ করতে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছিল। পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ নিয়েও উদ্বেগ ছিল।
দায়িত্ব গ্রহণের পর সিসিএস বেলাল হোসেন সরকার দপ্তরের সার্বিক অবস্থা সরেজমিনে পরিদর্শন করেন। পরে তিনি রেলওয়ের চিফ ইঞ্জিনিয়ার, জেনারেল ম্যানেজার (জিএম) এবং ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) পূর্বসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের দপ্তর পরিদর্শনে আমন্ত্রণ জানান এবং সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেন। এর পরই দপ্তরের সংস্কার কাজ শুরু হয়, যা বর্তমানে চলমান রয়েছে।
ঘটনার রাতে নিয়মিত টহলের সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্য মো. সাব্বির হোসেন প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক দপ্তরের পেছনের দিকে আগুনের ফুলকি দেখতে পান। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংস্কারকাজের সময় টিনের ওপর ওয়েল্ডিংয়ের ফুলকি অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে পূর্বের আইবি সেকশনের পেছনে রাখা কিছু পুরোনো কাগজপত্র আংশিকভাবে পুড়ে গেছে।
ঘটনার কারণ অনুসন্ধানে জেলা সরঞ্জাম নিয়ন্ত্রক (ক্রয়–১) মো. আরিফুজ্জামান শিকদারকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন পর সিসিএস দপ্তরের সংস্কার কাজ শুরু হওয়ায় কর্মপরিবেশ উন্নত হবে এবং ভবিষ্যতে রেলওয়ের মালামাল ক্রয় ও সরবরাহ ব্যবস্থাও আরও কার্যকর ও গতিশীল হবে।



















