‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : মাহদী আমিন
- আপডেট সময় : ১২:৫১:০০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, “প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ কার্ডের মাধ্যমে প্রবাসীরা নানা ধরনের সুবিধা পাবেন।”
শনিবার (১৮ এপ্রিল) সরকারের দুই মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন বলেন, ‘বিকল্প শ্রমবাজার খুঁজতে ইউরোপের সাতটি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের উদ্যোগ গ্রহণ করেছে সরকার।সার্বিয়া, গ্রিস, নর্থ মেসিডোনিয়া, রুমানিয়া, পর্তুগাল, ব্রাজিল, রাশিয়ায় শ্রমিক পাঠানোর চেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘দেশে বিদেশে কর্মসংস্থান বাড়ানোর অংশ হিসেবে সরকার বিদেশে অধিক সংখ্যক জনশক্তি রপ্তানির উদ্যোগ নিয়েছে। দক্ষ এবং আধা দক্ষ জনশক্তি রপ্তানির ওপর গুরুত্ব প্রদান করে অভিবাসনের পরিমাণ এবং গুণমান উভয়ই বাড়ানোর জন্য উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে দেশজুড়ে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ও কারিগরি শিক্ষায় বহুভাষা ও দক্ষতা বৃদ্ধির কারিকুলামে গুরুত্বারোপ করা হয়েছে।এখন পর্যন্ত ৩৭ হাজার ৫৬৭ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হয়েছে। প্রতিটি ফ্যামিলি কার্ডে মাসিক ২ হাজার ৫০০ নগদ টাকা সহায়তা করা হচ্ছে। একইভাবে ১০ জেলার ২২ হাজারের বেশি প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষককে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে। এ কার্ড দিয়ে ১০টি সুবিধা ও নগদ অর্থায়ন সংবলিত কৃষক কার্ড পেলে প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি কৃষকরা উপকৃত হবেন।বর্তমান সরকারের দুই মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬০টি উল্লেখযোগ্য পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন।




















