আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৯:২০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ডিসেম্বরে কোনো অপশক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে বিশ্বাস করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁও বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরে ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগের অস্থিরতা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আপনারা ডিসেম্বর ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস। ডিসেম্বরে কোনো অপশক্তি এখানে অস্থিরতা সৃষ্টি করতে পারবে বলে আমি বিশ্বাস করি না।তিনি বলেন, বাংলাদেশ আনসার-ভিডিপির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল একটা সদর দপ্তর স্থাপন হবে সুষ্ঠু, একটা পরিকল্পিত জায়গায়, একটা প্রপার লোকেশনে। সেই স্বপ্নটা আজকে আমাদের পূরণ হয়েছে।
তিনি আরও বলেন, আমরা গণপূর্ত মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ দশমিক ৪৫ একর অর্থাৎ প্রায় ১১ বিঘার মতো। এ জায়গাটা বরাদ্দ পেয়েছি আনসারের সদর দপ্তর নির্মাণের জন্য। আমরা একটা বড় পরিকল্পনা করে এখানে আনসারের সদর দপ্তর নিয়ে আসব। এত বড় আনসার-ভিডিপির মতো একটা ফোর্সের খিলগাঁওয়ে জায়গা সংকুলান হয় না।
বাংলাদেশে ব্যাটালিয়ন আনসার আছে ২০ হাজারের মতো উল্লেখ করে তিনি বলেন, অঙ্গীভূত আনসারের সংখ্যা হচ্ছে ৬০ হাজার। ৮০ হাজার এর এই ফোর্স। এর বাইরে আছে ভিডিপি। ৩৫ হাজার দলনেতা ভিডিপির। তাদের অধীনে আবার ৬০ লাখ প্রশিক্ষিত জনশক্তি আছে ভিডিপির। এটা বলতে গেলে সংখ্যার দিক থেকে রেগুলার এবং ইরেগুলার সব মিলিয়ে সবচাইতে বড় ফোর্স।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ ফোর্সের আনসার ব্যাটালিয়নের যারা অঙ্গীভূত তারা বাদে রেগুলার ব্যাটালিয়নের সদস্যরা সরকারি বিভিন্ন স্থাপনার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অধিদপ্তরের চাহিদা মাফিক কাজ করে। কিন্তু তাদের আবাসন সংকট রয়ে গেছে এখনো। যারা সেন্ট্রালি এখানে ডিউটি করে তারা তাদের রাত্রি যাপনের জায়গাও ঠিকমতো খুঁজে পায় না। সেজন্য আমরা এখানে সেন্ট্রালি একটা ডরমেটরির ব্যবস্থাও করব। আর তাদের আবাসনের জন্য ব্যারাক নির্মাণসহ তাদের জন্য সুযোগ-সুবিধা সৃষ্টি করব।
আজকে আনসার ব্যাটালিয়নের জন্য একটা ঐতিহাসিক দিন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সরকারের দায়িত্ব নেওয়ার পরে এ বিষয়গুলোতে মনোযোগ দিয়েছি। যেন সারা দেশে আইনশৃঙ্খলা সুষ্ঠুভাবে রক্ষা করা যায়, উন্নতি করা যায় এবং আনসার ব্যাটালিয়নের ভূমিকা আরও সম্প্রসারিত করা যায়। আনসার ব্যাটালিয়নের ঐতিহাসিক কিছু অর্জন আছে এবং আনসার ব্যাটালিয়নের সম্পর্কে আমরা গর্ব করার মতো অনেক জায়গা আছে। আমরা আশা করি এই ব্যাটালিয়ন আরও সামনের দিকে এগিয়ে যাবে। রাষ্ট্রের শান্তি, শৃঙ্খলা রক্ষা করার জন্য ভিডিপিসহ অন্যান্য যারা অঙ্গীভূত আনসারে কাজ করে, সবাই তারা তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারবে। তাদের আর্থিক সহযোগিতার জন্য আমরা সরকারের পক্ষ থেকে সবসময় চেষ্টা করছি। এখনও তাদের বিভিন্ন দাবি-দাওয়া আছে, এগুলো আমরা পর্যায়ক্রমে পূরণ করব।









