প্রীতম-শেহতাজের সংসারে ভাঙনের সুর, কারণ জানালেন দুজন
- আপডেট সময় : ০৭:৫৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল শেহতাজ মনিরা। পারস্পরিক বোঝাপড়ায় কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা।রোববার (৪ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আলাদা পোস্টে তারা এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
প্রীতম তার পোস্টে লিখেছেন, ‘পারস্পরিক বোঝাপড়ায় আমাদের দশ বছরের পথচলার পর আমাদের বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
একসঙ্গে কাটানো সময়ের জন্য কৃতজ্ঞতার কথাও জানিয়েছেন প্রীতম। তিনি লিখেছেন, ‘একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমরা দুজনই কৃতজ্ঞ। একে অপরের প্রতি আমাদের সম্মান ও শুভকামনা সব সময়ই থাকবে।’তার ভাষ্যে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ, সময়ের সঙ্গে তারা উপলব্ধি করেছেন, পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্যের কারণে আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে।সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া নয় বলেও জানিয়েছেন এই সংগীতশিল্পী। অনেক ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন। বর্তমানে বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তারা।
শেহতাজও নিজের ফেসবুক পোস্টে প্রায় একই কথা জানিয়েছেন। ওই পোস্টে তিনি লেখেন, ‘প্রীতম ও আমি একসঙ্গে ১০ বছর পথচলার পর পারস্পরিক সমঝোতা ও সৌহার্দ্যপূর্ণভাবে আমাদের বিবাহিত জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি।’
তিনি লেখেন, ‘আমরা একসঙ্গে ভাগ করে নেওয়া স্মৃতিগুলোর জন্য কৃতজ্ঞ এবং এখনো একে অপরের প্রতি যত্নশীল। তবে সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করেছি যে, পারস্পরিক বোঝাপড়ার অভাবে আলাদা পথ চলাই আমাদের জন্য ভালো। অনেক ভেবেচিন্তে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি। আমাদের পরিবারের সমর্থন নিয়ে আমরা এখন বিবাহবিচ্ছেদের প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি।’
শেহতাজ আরও লেখেন, ‘এই পরিবর্তনের সময়ে আমরা আমাদের বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের কাছে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা ও পরিস্থিতির প্রতি সহানুভূতিশীল হওয়ার অনুরোধ করছি; যেন আমরা জীবনের এই নতুন অধ্যায়টি সামলে সামনে এগিয়ে যেতে পারি। আপনাদের বোঝাপড়া ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
জীবনের এই পরিবর্তনের সময়ে ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধ জানিয়েছেন দুজনই। বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি তাদের অনুরোধ, বিষয়টি যেন সম্মান ও সহমর্মিতার সঙ্গে বিবেচনা করা হয়।
প্রসঙ্গত, ২০১৭ সালে প্রীতমের ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময় তাদের পরিচয় হয়। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু। দীর্ঘ পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের ২৯ অক্টোবর শ্রীমঙ্গলের একটি পাঁচ তারকা হোটেল ও চা বাগানের মনোরম পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। এর আগের রাতে অনুষ্ঠিত হয় গায়েহলুদ।


















