অভিনয়ে নাম লেখাচ্ছেন লাক্স সুপারস্টার বর্ণিতা
- আপডেট সময় : ০৮:১২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৫ বার পড়া হয়েছে
‘লাক্স সুপারস্টার-২০২৫’ মঞ্চ জয়ের পর এবার অভিনয়ের জগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করতে যাচ্ছেন বিদুষী বর্ণিতা। জানা গেছে, জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের নতুন একটি ওয়েব ফিল্মের মাধ্যমে পর্দায় অভিষেক হচ্ছে এই নবাগত তারকার। প্রতিযোগিতার সময় থেকেই অভিনয়ে তার অভিষেকের ইঙ্গিত মিলেছিল, আর এবার সেই প্রতিশ্রুতিই বাস্তবে রূপ নিতে যাচ্ছে। শোবিজ অঙ্গনে নতুন মুখ হিসেবে বর্ণিতার এই যাত্রা ঘিরে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা।সূত্র বলেছে, শিহাব শাহীনের একটি ওয়েব ফিল্মে নাম লিখিয়েছেন বর্ণিতা। নাম চূড়ান্ত হয়নি। ‘জাস্ট ম্যারিড’ কিংবা ‘নিউলি ম্যারিড’ হতে পারে। এখানে তিনটি দম্পতির গল্প বলা হবে। আগামী মাসে ফিল্মটির দৃশ্যধারণের কাজ শুরু হবে বলে জানা গেছে।তবে বিষয়টি নিয়ে মুখ খোলেননি বর্ণিতা। শিহাব শাহীনও আছেন মুখে কুলুপ এটে। শুধু জানালেন কাজটি আইস্ক্রিনের। সেখান থেকেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তার আগে কিছু বলতে চান না।
রায়হান রাফীর একটি সিনেমারও নায়িকা হতে যাচ্ছেন বর্ণিতা। ‘লাক্স সুপারস্টার-২০২৫’ ঘোষণার আগে লাক্স সুপারস্টারের উপস্থাপক সৌমিক জানিয়েছিলেন, যিনি এই আসরে ‘লাক্স সুপারস্টার’ হতে যাচ্ছেন, তিনি রায়হান রাফীর রোমান্টিক সিনেমার নায়িকা হতে যাচ্ছেন! ওই মঞ্চে রাফী বলেছিলেন, ‘আমি অনেক দিন ধরে খুঁজছিলাম আমার নেক্সট রোমান্টিক সিনেমার নায়িকাকে, মনে হয় চ্যাম্পিয়ন ঘোষণার মধ্য দিয়ে আমরা তাকে পেয়ে যাব।’সেরা সুন্দরীর মুকুট জিতে বর্ণিতাও বলেছিলেন, ‘রায়হান রাফী স্যার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের মেন্টর হিসেবে কাজ করেছেন। তার মতো গুণী নির্মাতার সান্নিধ্য পেয়ে অনেক কিছু শিখতে পেরেছি। তার কাজগুলো বড় স্ক্রিনে দর্শক হিসেবে দেখেছি। আগামীতে আমি কাজের সুযোগ পাবো, এটা অবিশ্বাস্য ব্যাপার আমার জন্য। রায়হান রাফী স্যার যে স্কেলে সিনেমা বানান, সেখানে নিজেকে পরিপূর্ণভাবে তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করব।’
























