যাযাবর নিয়ে ফিরছেন ভাবনা
- আপডেট সময় : ০৯:২৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে
নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন আশনা হাবিব ভাবনা। ‘যাযাবর’ নামের এ সিনেমাটিতে অভিনয়ের জন্য গত মাসেই তিনি আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেন। এখন চলছে শুটিং শুরুর প্রস্তুতি। এতে ভাবনা জুটি বাঁধবেন আব্দুন নূর সজলের সঙ্গে। ছোটপর্দায় একাধিকবার জুটি বেঁধে অভিনয় করেছেন আব্দুন নূর সজল ও আশনা হাবিব ভাবনা। টিভি নাটক ও টেলিফিল্মে তাদের রসায়নও পেয়েছে দর্শকের প্রশংসা। তবে এবার সেই পরিচিত জুটি হাজির হতে যাচ্ছেন বড় পর্দায়। প্রথমবার সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন সজল ও ভাবনা। সিনেমাটি পরিচালনা করছেন তানবীর হাসান। নির্মাতা জানিয়েছেন, চলতি মাসের শেষ দিকে শুরু হবে ‘যাযাবর’-এর দৃশ্যধারণ।সারভাইভাল থ্রিলার অ্যাকশন ঘরানার সিনেমা ‘যাযাবর’। রোমাঞ্চ, ভায়োলেন্স ও সাসপেন্সে ভরপুর গল্পের প্রায় প্রতিটি দৃশ্যেই থাকবে নানা চমক। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে জুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা তানবীর হাসান।তিনি বলেন, ‘সারভাইভাল থ্রিলার অ্যাকশন সিনেমা যাযাবর। রোমাঞ্চ ও ভায়োলেন্সে ভরপুর একটি সিনেমা দেখতে পারবেন দর্শক। গল্পের প্রায় প্রতিটি দৃশ্যে সাসপেন্স থাকবে। গল্পের প্রয়োজনেই সজল ও ভাবনাকে চূড়ান্ত করা হয়েছে অভিনয়ের জন্য। তারা গল্পটি খুব পছন্দ করেছেন। আমার বিশ্বাস, যারা হলে সিনেমাটি দেখতে যাবেন, তারা পুরো গল্প শেষ না করে উঠতে পারবেন না।’
সজলের সঙ্গে বড় পর্দায় কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ভাবনা। তিনি বলেন, ‘সজল ভাই অভিজ্ঞ অভিনেতা। তার সঙ্গে কাজ করা আমার জন্য আনন্দের। সিনেমার গল্পটি দারুণ। সবাই মিলে ভালো একটি সিনেমা দর্শকদের উপহার দিতে পারব বলে আশা করছি।’সিনেমায় প্রথমবার ভাবনার সঙ্গে জুটি বাঁধা প্রসঙ্গে সজল বলেন, ‘সিনেমার গল্প ভালো লেগেছে। ঠিকমতো করা গেলে দর্শকদেরও ভালো লাগবে। ভাবনা গুণী অভিনেত্রী। প্রথমবার তার সঙ্গে জুটি বেঁধে সিনেমা করছি। আশা করছি, দারুণ কিছু হবে।’
‘যাযাবর’ সিনেমার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও লিখেছেন তানবীর হাসান। সজল-ভাবনা ছাড়াও এতে অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, ইভান সাইর, সাদমান সামীর, আতিকা আফসানা, তানভীর মাসুদ, ওমর মালিক, সোহেল রানা, ইকবালসহ আরও অনেকে। সিনে মিডিয়ার ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি।
সজল-ভাবনার জন্য ‘যাযাবর’ শুধু নতুন একটি সিনেমা নয়; বরং তাদের দীর্ঘদিনের ছোট পর্দার জুটিকে বড় পর্দায় নতুনভাবে দেখার সুযোগও। এখন অপেক্ষা শুটিং শুরুর, আর এরপর পর্দায় তাদের রসায়ন কতটা জমে ওঠে, সেটিই দেখার।

























