হঠাৎ কেন থালাপতির সান্নিধ্যে বিজয় ও রাশমিকা
- আপডেট সময় : ০৮:১৪:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
রণবালি মুক্তির আগে চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের (থালাপতি বিজয়) সঙ্গে দেখা করলেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। সাক্ষাতের অভিজ্ঞতা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন দুই তারকা।বিয়ের পর প্রথমবার একসঙ্গে পর্দায় ফিরছেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। তাদের নতুন সিনেমা ‘রণবালি’ মুক্তির আগে প্রচারণার কাজে চেন্নাইয়ে গিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সঙ্গে দেখা করেছেন এই তারকা দম্পতি।
রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। মুক্তির আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বিজয় ও রাশমিকা।
সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কয়েকটি ছবি পোস্ট করেন বিজয় দেবেরাকোন্ডা। থালাপতি বিজয়ের সঙ্গে এটিই ছিল তার প্রথম সাক্ষাৎ। প্রথম দেখাতেই মুখ্যমন্ত্রীকে ভালো লেগে যাওয়ার কথা জানিয়েছেন অভিনেতা।পোস্টে বিজয় লেখেন, প্রিয় থালাপতি @actorvijay স্যারের সঙ্গে দারুণ সময় কাটিয়েছি। দীর্ঘ একটি দিন পার করার পরও তিনি আমাদের অত্যন্ত আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছেন। জীবন, কাজ ও পৃথিবী নিয়ে নিজের অভিজ্ঞতার অনেক ব্যক্তিগত দিকও ভাগ করে নিয়েছেন। একবার দেখা, এরই মধ্যে স্যার আমার প্রিয় হয়ে উঠেছেন। আবার দেখা হওয়ার অপেক্ষায় রইলাম। আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা রইল।প্রশাসনিক দায়িত্ব পালনের ব্যস্ততার মধ্যেও রণবালির দুই তারকাকে সময় দিয়েছেন মুখ্যমন্ত্রী। সিনেমাটির মুক্তির আগে তাদের শুভকামনাও জানিয়েছেন তিনি।
সাক্ষাতের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন রাশমিকা মান্দানাও। থালাপতি বিজয়ের ভক্ত থেকে তার সহশিল্পী হওয়া এবং এখন মুখ্যমন্ত্রী হিসেবে তার পথচলা দেখার অভিজ্ঞতা তুলে ধরেছেন অভিনেত্রী।
রাশমিকা লেখেন, অনেক দিন পর @actorvijay স্যারের সঙ্গে দেখা করতে গেলাম। যত দিন মনে পড়ে, তারও আগে থেকে আমি তার ভক্ত। পরে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। আর আজ তিনি যে মুখ্যমন্ত্রী, সেই মানুষটিকে দেখে মুগ্ধ হচ্ছি। তার এই যাত্রা অবিশ্বাস্য। আপনার জন্য সব সময় অনেক ভালোবাসা ও শুভকামনা, স্যার।
২০২৩ সালে মুক্তি পাওয়া ভারিসু সিনেমায় থালাপতি বিজয়ের সঙ্গে অভিনয় করেছিলেন রাশমিকা। বংশী পেইডিপল্লী পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেন দিল রাজু ও শিরীষ।
১৮৭০-এর দশকের পটভূমিতে নির্মিত ‘রণবালি’ সিনেমার কাহিনি আবর্তিত হয়েছে ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের ভয়াবহ গ্রেট মাদ্রাজ দুর্ভিক্ষকে ঘিরে। এতে রায়লসীমা অঞ্চলের এক লোককথার যোদ্ধা ও তার গ্রামের মানুষের ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধের গল্প তুলে ধরা হয়েছে।
সিনেমাটিতে ব্রিটিশদের শোষণমূলক করনীতি ও খাদ্যশস্যসংক্রান্ত নীতির বিরুদ্ধে গ্রামবাসীর লড়াইও উঠে এসেছে। আগামী ১৬ অক্টোবর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা সিনেমাটির।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

























