ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে নেতানিয়াহুর উদ্বেগ, জানালেন কারণও
- আপডেট সময় : ০৪:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ইসরায়েলের বিরোধী দলগুলোর সঙ্গে আরব রাজনৈতিক দলগুলোর সম্ভাব্য জোটকে কেন্দ্র করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, ইসলামপন্থিদের ওপর নির্ভরশীল এমন কোনো সরকার গঠিত হলে ভেতর থেকেই ইসরায়েল রাষ্ট্রের পতন ঘটবে।শনিবার (৭ নভেম্বর) এক পূর্বধারণকৃত ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি।সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকটের নেতৃত্বাধীন শিবির একটি সম্ভাব্য জোট গঠনের চেষ্টা করছে। এ জোটে অতি-অর্থোডক্স ইহুদি দলগুলোর পাশাপাশি মধ্যপন্থি ইসলামপন্থি দল রা’আমকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আরব সংখ্যাগরিষ্ঠ দল জয়েন্ট লিস্টের বাইরের সমর্থনও পেতে পারে জোটটি।
নেতানিয়াহু বলেন, ‘ইসলামপন্থিদের ওপর নির্ভরশীল এমন একটি সরকার ইসরায়েল রাষ্ট্রকে ভেতর থেকে ভেঙে ফেলবে। ইউরোপের বিভিন্ন দেশে যা ঘটছে, তার চেয়েও ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে।’শনিবারের বক্তব্যে নেতানিয়াহু নিজেও জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানান। তিনি বলেন, দেশের জাতীয় শিবিরের সব দল এবং রাষ্ট্রের নিরাপত্তা ও ইহুদি জনগণের একমাত্র রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্ব রক্ষায় আগ্রহী সব জায়নবাদী দলকে নিয়ে সরকার গঠন করা উচিত।তবে এমন সরকারে তার নিজের নেতৃত্বের দাবি সরাসরি পুনর্ব্যক্ত করেননি তিনি।
অন্যদিকে আইজেনকটের দল ইয়াশার নেতানিয়াহুর লিকুদ পার্টি ও তার মিত্রদের আইজেনকটের নেতৃত্বে ঐক্যের সরকার গঠনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে দলটি জানায়, লিকুদ ও তাদের মিত্ররা যদি সত্যিই জাতীয় ঐক্য ও বৃহত্তর সরকার গঠনে আগ্রহী হয়, তাহলে তাদের উগ্রপন্থিদের সঙ্গে জোট ভেঙে আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে যোগ দেওয়ার বিষয়টি প্রকাশ্যে ঘোষণা করা উচিত।
সূত্র: এনডিটিভি























