ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির নকশা দেবে যুক্তরাজ্য
- আপডেট সময় : ০৮:১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করতে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত নকশা দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। প্রথম বিদেশ সফরে সোমবার (২৪ আগস্ট) কিয়েভে গিয়ে তিনি ইউক্রেনের প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর প্রকাশ করেছে।বার্নহাম জানান, ব্রিটিশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান এমবিডিএকে যুক্তরাজ্যের ব্যবহৃত দূরপাল্লার স্ক্যাল্প ক্ষেপণাস্ত্রের কিছু ব্রিটিশ উপাদানসংক্রান্ত তথ্য প্রকাশের অনুমতি দিয়েছে তার সরকার। এর ফলে ইউক্রেন নিজেদের দেশে এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা গড়ে তোলার সুযোগ পাবে।স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র ফ্রান্সের তৈরি স্টর্ম শ্যাডোর সমতুল্য। প্রায় ৫ দশমিক ১ মিটার দীর্ঘ ও ১ হাজার ৩০০ কেজি ওজনের এই ক্ষেপণাস্ত্র প্রায় ১৫০ মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এটি স্থির ও পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে দিন-রাত এবং বিভিন্ন আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম।
কিয়েভ সফরে বার্নহাম ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন এবং যুক্তরাজ্য ও ফ্রান্সের উদ্যোগে গঠিত ‘কোয়ালিশন অব দ্য উইলিং’-এর বৈঠকে সভাপতিত্ব করবেন। ইউক্রেনের স্বাধীনতার ৩৫তম বার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি দেশটির প্রতি ব্রিটিশ জনগণের সমর্থনের একটি পুরস্কারও গ্রহণ করবেন তিনি।বার্নহাম বলেন, ইউক্রেনের নিরাপত্তা যুক্তরাজ্যেরও নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ যতদিন চলবে, ততদিন ব্রিটেন কিয়েভের পাশে থাকবে।
এদিকে ইউক্রেনকে সামরিক সহায়তা বাড়ানো নিয়ে রাশিয়া ব্রিটেনকে সতর্ক করেছে। লন্ডনে রুশ দূতাবাস অভিযোগ করেছে, ব্রিটেন ইউক্রেন সংকটে ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে। মস্কোর দাবি, সংঘাতে ব্রিটেনের সম্পৃক্ততা যত বাড়বে, এর মূল্যও তত বেশি দিতে হবে।
অন্যদিকে ইউক্রেন রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা জোরদার করেছে। দেশটির হামলায় রাশিয়ার বিভিন্ন অঞ্চলের তেল শোধনাগার, গুদাম ও অবকাঠামো লক্ষ্যবস্তু হয়েছে। একই সময়ে রুশ হামলায় ইউক্রেনের খারকিভ শহরেও হতাহতের খবর পাওয়া গেছে।
সূত্র: বিবিসি





















