দর্শকের ভালোবাসায় সিক্ত ‘জোছনায় ফেরা’
- আপডেট সময় : ০৬:৪২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ভালো গল্প আর সাবলীল অভিনয় যে এখনো দর্শক টানে, তারই প্রমাণ দিচ্ছে নাটক ‘জোছনায় ফেরা’। ইউটিউবে প্রকাশের মাত্র তিন দিনেই ৩০ লাখের বেশি ভিউ অর্জন করেছে চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটি। গত ১৮ অক্টোবর মুক্তি পাওয়া নাটকটির গল্প লিখেছেন শফিকুর রহমান শান্তনু। দাম্পত্য জীবনের চেনা সম্পর্ককে একটু ভিন্নভাবে তুলে ধরা এই নাটকে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ ও আইশা খান। পাশাপাশি দীপা খন্দকারের অভিনয়ও দর্শকের প্রশংসা কুড়াচ্ছে। নাটকের গল্প ও অভিনয়ের সঙ্গে শ্রোতা-দর্শকের মন কেড়েছে ‘তুই সব থেকে দামি’ শিরোনামের গানটিও। গানটি লিখেছেন সাংবাদিক ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীত পরিচালনা করেছেন রিজওয়ান শেখ। তার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন কোনাল।নাটকটির সাফল্যে দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন নির্মাতা চয়নিকা চৌধুরী। তিনি বলেন, ‘আমি সবসময়ই বিশ্বাস করি, দর্শক ভালো গল্পের নাটক দেখার জন্য অপেক্ষা করেন। গত ২৫ বছরে ইন্ডাস্ট্রিতে আমার নাটকের একটি স্বতন্ত্র পরিচিতি তৈরি হয়েছে। গল্প, শিল্পীদের অভিনয় কিংবা ফ্রেম দেখেই দর্শক বুঝতে পারেন এটি আমার নাটক। এই অর্জন দীর্ঘদিনের নিরলস শ্রমের ফল। ঈশ্বর আমার সহায়, আর দর্শক আমার এগিয়ে যাওয়ার শক্তি। লেজার ভিশন কর্তৃপক্ষের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা, সবসময় পাশে থাকার জন্য।























