কপ৩১ সম্মেলনপরিবেশকর্মীদের মিলন মেলা আন্তালিয়ায়
- আপডেট সময় : ০৯:০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে
ভূমধ্যসাগরের কোলঘেঁষা তুরস্কের ঐতিহাসিক শহর আন্তালিয়া এক নতুন রূপে সেজেছে। সবুজে ঘেরা প্রাচীন রোমান-অটোমান স্থাপত্যের ঐতিহ্যের সাক্ষ্য আন্তালিয়া তুর্কিয়ের (তুরস্ক) পর্যটন রাজধানী হিসেবে পরিচিত। বিশ্বজুড়ে পরিবেশ সুরক্ষার আওয়াজ তোলা প্রাণবন্ত মানুষদের পদচারণায় মুখরিত পর্যটননগরী আন্তালিয়া। জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ৩১) উপলক্ষে শহরটিতে বসেছে বিশ্বের খ্যাতনামা জলবায়ু বিজ্ঞানী, নীতিনির্ধারক, তরুণ পরিবেশকর্মী এবং তৃণমূল আন্দোলনকারীদের অভূতপূর্ব এক মহামিলনমেলা।ম্যাক্স রয়েল হোটেলের আলো ঝলমলে কূটনৈতিক সভাকক্ষ থেকে শুরু করে আন্তালিয়ার রাজপথ—সবখানেই এখন একটাই সুর, ‘পৃথিবী বাঁচাও, জলবায়ু বিচার নিশ্চিত করো।’ জলবায়ু পরিবর্তনের চরম ঝুঁকি মোকাবিলায় বিশ্বনেতাদের প্রতি কার্যকর পদক্ষেপের তাগিদ দিতে আন্তালিয়া এখন রূপ নিয়েছে পরিবেশ অনুরাগী ও অধিকারকর্মীদের এক বৈশ্বিক রাজধানীতে।গত সোমবার থেকে এই শহরের ট্রেড সেন্টারে (আন্তালিয়া এক্সপো সেন্টার) শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু-সংক্রান্ত ৩১তম সম্মেলন। বাংলাদেশসহ বিশ্বের ১৯০টি দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, গবেষক ও প্রতিনিধিরা এই সম্মেলনে যোগ দিচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল যোগ দিতে গত মঙ্গলবার আন্তালিয়ায় পৌঁছেছেন।
মঙ্গলবার স্থানীয় সময় বেলা ১১টায় আন্তালিয়ার এক্সপো সেন্টারে কপ৩১-এর উদ্বোধন করা হয়। এবারের সম্মেলনের আলোচ্য বিষয় হচ্ছে—জলবায়ু অর্থায়ন, অভিযোজন (এডাপটেশন), গ্রিন হাউস গ্যাস নিঃসরণ হ্রাস, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং বৈশ্বিক জলবায়ু সহযোগিতা জোরদার। স্বাগতিক দেশ তুর্কিয়ের আয়োজনের এই সম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মেলনের সভাপতি তুর্কিয়ে পরিবেশ, নগরায়ণ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুরাত কুরুম। সম্মেলনে আলোচনা পর্বে সভাপতিত্ব করবেন অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার আইলন গাই বোয়েন (ক্রিস বোয়েন)। ১১ দিনব্যাপী এই সম্মেলনে শেষ হবে ২০ নভেম্বর।বিশ্ববাসীর দৃষ্টি এখন আন্তালিয়ায়: সবুজ গাছগাছালিতে ঘেরা আন্তালিয়া শহর, শীতের আবরণে চমৎকার আবহাওয়া, ভূমধ্যসাগরীয় উপকূলের নীল সৈকত। এই শহরে এখন জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলোর সরকারপ্রধান, কয়েক হাজার পরিবেশ কর্মীর সমাবেশ। শুরু হয়েছে জলবায়ু-সংক্রান্ত পরিবেশ সম্মেলন। গত দুদিনে সম্মেলনস্থলে গিয়ে দেখা যায়, বিভিন্ন দেশের পরিবেশকর্মী, সংবাদকর্মী, বেসরকারি সংস্থার কর্মীদের ব্যাপক উপস্থিতি।
নেদারল্যান্ডস থেকে আসা এনভায়রনমেন্ট অ্যাক্টিভিস্ট রিচার্ড জুলিয়াস বলেন, ‘কি চমৎকার শহর। মন জুড়ে যায়। আমি কপ৩১-এ যোগ দিতে এসেছি। সম্মেলনের আজকে (বুধবার) আলোচনায় ছিল জলবায়ু পরিবর্তন ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহযোগিতা করা যায়?’
যে কারণে সম্মেলনস্থল আন্তালিয়ায়: তুর্কিয়ের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমধ্যসাগরের তীরে আন্তালিয়া শহর। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে শহরটির ভৌগোলিক অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বিমানবন্দর, উন্নত যোগাযোগ ব্যবস্থা, পর্যাপ্ত হোটেল এবং বড় পরিসরের সম্মেলন আয়োজনের সুবিধা থাকায় শহরটি আন্তর্জাতিক আয়োজনের জন্য উপযুক্ত।
আন্তালিয়া বিমানবন্দর থেকে আন্তালিয়ার জলবায়ু সম্মেলনের দূরত্ব ২০ কিলোমিটার। বিমানবন্দর থেকে পুরো সড়কে ‘ওয়েলকাম আন্তালিয়া’ লেখা বিলবোর্ড। তুরস্কের পতাকাসহ বিভিন্ন দেশের পতাকা দিয়ে পুরো সম্মেলনস্থল বর্ণিলভাবে সাজানো হয়েছে।
সম্মেলনস্থলে বাংলাদেশসহ ১৯৩টি দেশের প্যাভিলিয়ন রয়েছে। রয়েছে বিভিন্ন পরিবেশ সম্পর্কিত বিভিন্ন দেশের বেসরকারি সংস্থা ও প্রতিষ্ঠান।
তুরস্কের ইস্তাম্বুলের সাবানচি ইউনির্ভাসিটির শিক্ষার্থী পাকিস্তানি নাগরিক শাহবাজ খান বলেন, ইস্তাম্বুলে আবহাওয়া সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কনকনে শীত। গত বছর এই সময়ে কিন্তু এমন আবহাওয়া ছিল না। এর কারণ কী? বৈশ্বিক জলবায়ু পরিবর্তন হচ্ছে। এবারে তুরস্কের আন্তালিয়া সম্মেলনের দিকে আমাদের সবার দৃষ্টি। উন্নত দেশগুলো এ বিষয়ে কী ভূমিকা নেয়, কোন কোন বিষয়ে ঐকমত্য হয় সেটাই দেখার অপেক্ষা আমাদের। কারণ বিগত কপ সম্মেলনে আলাপ-আলোচনা অনেক হয়েছে, কিন্তু কোনো ফলাফল আসেনি।
আন্তালিয়াকে কেন সম্মেলনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছে—এমন প্রশ্নে শাহবাজ বলেন, এই ক্ষেত্রে আমার বিশ্লেষণ বলেন, ব্যাখ্যা বলেন; আন্তালিয়াকে বেছে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে শহরটির ভৌগোলিক অবস্থান। এই শহরটি সভ্যতা ও সংস্কৃতির সেতু হিসেবে কাজ করে, যা জলবায়ু-সংক্রান্ত কূটনৈতিক প্রতিশ্রুতি এবং মাঠ পর্যায়ের বাস্তবায়নের মধ্যকার দূরত্ব ঘোচাতে আদর্শ স্থান।
ইস্তাম্বুলের আন্তর্জাতিক বিমানবন্দরের সম্মেলনে যোগ দিতে আসা ইতালির মিজ সোনারিও বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলের এই শহরটি নিজেই জলবায়ু পরিবর্তনের বাস্তব চ্যালেঞ্জ যেমন তীব্র পানির সংকট, তাপমাত্রা বৃদ্ধি এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির মতো ঝুঁকির মুখোমুখি। ফলে জলবায়ু সংকটের বাস্তব চিত্র আলোচনার টেবিলে এনে এর একটি সমাধানের পথ উন্মুক্ত করা এবারের আলোচনার প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি।
বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিফুজ্জামান মামুন বলেন, এবারের সম্মেলন থেকে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন প্রত্যাশা করে। এখন আর প্রতিশ্রুতি নয়, এবার বাস্তবায়ন চাইবে বাংলাদেশ।
সম্মেলনের প্রধান কর্মসূচি: গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’ অনুষ্ঠিত হবে। সকালে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ার্ল্ড লিডারস ক্লাইমেট অ্যাকশন সামিট’-এ অংশগ্রহণের পাশাপাশি সাইড লাইনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজসহ বিভিন্ন সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
জাতিসংঘের জলবায়ু-সংক্রান্ত সম্মেলন বা কপ (সিওপি)-এর পূর্ণ রূপ হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিস। কপের সদস্য দেশগুলো ১৯৯২ সালে ‘দ্য ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি)’ চুক্তি সই করে। বিশ্বব্যাপী জলবায়ু ব্যবস্থাকে মানুষের বিপদজনক ও ঝুঁকিপূর্ণ তৎপরতা থেকে রক্ষাই এর লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে ১৯৯৫ সালে জার্মানির বার্লিনে কপের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা, প্রতিনিধি ও পরিবেশবিদরা এই সম্মেলনে মিলিত হন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন মোকাবিলা, গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমানো এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি মোকাবিলায় অনুদান বা অর্থায়ন নিয়ে আলোচনা করতে।





















