ঈদে সারা দেশে সড়কে ঝরল ২২ প্রাণ
- আপডেট সময় : ০৪:৪১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২৬ ১ বার পড়া হয়েছে
ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত হয়েছেন। নিহতদের কেউ ঈদ করতে প্রিয়জনদের কাছে বাড়ি ফিরছিলেন, কেউ নামাজ শেষে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন, কেউবা আবার বাসে করে ঢাকায় ফিরছিলেন।এসব দুর্ঘটনায় প্রাণ হারানোদের মধ্যে ১১ জনই মোটরসাইকেল আরোহী ছিলেন।
গত বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জে পাঁচজন, ফরিদপুরে তিনজন, দিনাজপুর, নরসিংদী, গাইবান্ধা ও পটুয়াখালীতে দুইজন করে এবং কুষ্টিয়া, মাদারীপুর ও নড়াইলে একজন করে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিন শিশু ও দুই কিশোর রয়েছে।
বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে :
গোপালগঞ্জে পাঁচজন নিহত :
গোপালগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে পাঁচজন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে এক শিশু, এক নারী ও তিনজন পুরুষ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৫ জন।
বৃহস্পতিবার (২৮ মে) দুপুর পৌনে ১২টার দিকে সদর উপজেলার বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন—বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের সমেশ ঢালীর ছেলে শয়ন ঢালী (২০), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে মোসা. খাদিজা খাতুন (৩৫) এবং একই এলাকার আবু হানিফের ছেলে মো. সোহাগ (৩৭)। নিহত শিশুসহ আরো দুজনের পরিচয় এখনো জানা যায়নি।
গোপালগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) নয়ন চন্দ্র দেবনাথ জানান, নিহত পাঁচজনের মধ্যে দুজন মোটরসাইকেলের আরোহী এবং বাকি তিনজন বাসের যাত্রী ছিলেন।
আরো পাঁচ জেলায় মোটরসাইকেলের ৯ আরোহী নিহত :
ফরিদপুর, নরসিংদী, পটুয়াখালী, নড়াইল ও কুষ্টিয়ায় নয়জন নিহত হয়েছেন।তারা সবাই মোটরসাইকেলের চালক কিংবা যাত্রী ছিলেন।
পটুয়াখালীতে ঈদের নামাজ শেষে মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুই কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকার মৎস্য ব্যবসায়ী জব্বার হাওলাদারের ছেলে মো. ফয়সাল হাওলাদার (১৬) এবং একই এলাকার ব্যবসায়ী আবুল হোসেন মাতুব্বরের ছেলে তামিম মাতুব্বর (১৬)।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ বলেন, সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি।
নরসিংদীর শিবপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। পরে আজ বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অন্যজন।
এ ঘটনায় আহত আরেক তরুণ জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন আছেন। নিহত দুজন হলেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার প্রতাপনগর গ্রামের আবদুর রব মিয়ার ছেলে রুমান মিয়া (২৬) এবং নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামের শাহ আহাম্মদের ছেলে চান মিয়া (১৯)। আহত আবদুল্লাহ (১৯) একই ইউনিয়নের পালপাড়া এলাকার বাসিন্দা।
শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) অজয় বালা বলেন, অভিযোগ না থাকায় রুমান মিয়ার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যাওয়া চান মিয়ার মরদেহ বাড়িতে নেওয়ার প্রস্তুতি চলছে।
ফরিদপুরের ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই মোটরসাইকেলের দুই আরোহী। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই ব্যক্তি হলেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলার গঙ্গাদরদী এলাকার কাঞ্চন মোল্লার ছেলে সাইফুল মোল্লা (২৫) এবং বরিশাল সদর উপজেলার রূপাতলী হাউজিং এলাকার জিয়ানগর মহল্লার জাহাঙ্গীর শরীফের ছেলে আল ইমরান শরীফ (২৮)।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, রাতে নিহত দুজনের লাশ হাইওয়ে থানায় রাখা হয়। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহগুলো বৃহস্পতিবার ভোরে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি থানায় রাখা হয়েছে।এ ছাড়া গতকাল সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সিসিবিএল তেল পাম্পের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আলিমুজ্জামান মাতুব্বর (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরো তিন আরোহী আহত হয়েছেন। নিহত আলিমুজ্জামান ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের বাসিন্দা।
এদিকে নড়াইলের লোহাগড়ায় মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে উপজেলার আলামুন্সির মোড় এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত তরুণ সাব্বির গাজী (১৮) যশোর জেলার অভয়নগর উপজেলার দিঘলিয়া গ্রামের বাবুল গাজীর ছেলে। আহত শওকত হোসেন (১৯) একই গ্রামের রিপন গাজীর ছেলে।
লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এ ছাড়া কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলাইনারে ধাক্কা দিলে এসএসসি পরীক্ষার্থী তিন বন্ধু গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং সড়কের দুটি আইলাইনার ভেঙে পড়ে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১১টার দিকে কুমারখালীর গড়াই নদীর ওপর নির্মিত যদুবয়রা সেতুর দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন যদুবয়রা ইউনিয়নের লালনবাজার এলাকার রবিন শেখ (১৮), ফরহাদ হোসেন (১৮) ও টুটুল হোসেন (২০)। তারা সবাই বন্ধু এবং যদুবয়রা মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।
স্থানীয়দের ভাষ্য, ঈদ উপলক্ষে ঘুরতে বের হয়েছিল তিন বন্ধু। তারা একটি অ্যাপাচি ফোরভি মোটরসাইকেলে করে যদুবয়রা সেতু থেকে জয়বাংলা বাজারের দিকে যাচ্ছিল। পথে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইলাইনারে সজোরে ধাক্কা দেয়। এতে তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শী মো. সাইদুল জানান, মোটরসাইকেলটির গতি ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটারের মতো ছিল। মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটে।
আহত ফরহাদ হোসেন বলেন, ‘ঈদে একটু ঘুরতে বের হয়েছিলাম। গাড়ির গতি বেশি ছিল। মোড় নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটির সঙ্গে ধাক্কা লাগে।’
কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে আইলাইনারে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। তিনি অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল না দেওয়া এবং সড়কে সতর্কভাবে যান চালানোর আহ্বান জানান।
দুই জেলায় আরো তিনজন নিহত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই দুই শিশুর মায়েরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কানাগাড়ি বাজার এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রশিদপুর গ্রামের শামসুল হক ও দুলালী বেগম দম্পতির ছেলে মো. আবদুল্লাহ (৪) এবং দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নের বারো আরিয়া গ্রামের আল আমিন ও ফরিদা বেগম দম্পতির মেয়ে আরিফা খাতুন (৪)। দুর্ঘটনায় আহত দুলালী বেগম (২৫) ও ফরিদা বেগম (২০) দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ছাড়া মাদারীপুরের শিবচরের বাস থেকে ছিটকে পড়ে সাত্তার হাওলাদার (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুসংলগ্ন সীমানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার হাওলাদারের বাড়ি ফরিদপুরের সদরপুরে।
শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা প্রচেষ্টা পরিবহনের একটি বাসে করে ঢাকা যাচ্ছিলেন সাত্তার হাওলাদার। বাসের সামনের দিকে (ইঞ্জিন কভার) বসে ছিলেন তিনি। বাসটি পাঁচ্চর পার হয়ে সীমানা নামক স্থানে গেলে হঠাৎ ব্রেক করেন চালক। এ সময় সাত্তার ছিটকে বাসের দরজা দিয়ে বাইরে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।শিবচর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, বাসটি হঠাৎ জোরে ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে খোলা দরজা দিয়ে বাইরে পড়ে গিয়ে লোকটির মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাইবান্ধায় দুইজন নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌরশহরের রাইগ্রাম এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো এক যুবক।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বুধবার রাত পৌনে ১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক পৌরশহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে হাসান আলী প্রধান (২৬) ও একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে অটোরিকশাচালক সিদ্দিক আলী (৩৫)। গুরুতর আহত যুবকের নাম মারুফ প্রধান (১৮)। তিনি পলাশবাড়ী পৌর শহরের বাসিন্দা।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই ফারুক জানান, রমেক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের ময়নাতদন্ত অনুষ্ঠিত হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
চট্টগ্রামে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩
ঈদের রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ভেল্লাপাড়া ব্রিজের পশ্চিম অংশে ক্রসিং টাওয়ার এলাকায় যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩০ জন। বৃহস্পতিবার (২৮ মে) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দুর্ঘটনার পর মহাসড়কে সাময়িকভাবে যানচলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ বাস ও মাহিন্দ্রা জব্দ করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পটিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ।

























