কপ৩১ সম্মেলন জলবায়ু অর্থায়নের ধরন বদলের ডাক জাতিসংঘের
- আপডেট সময় : ০৮:০৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / 3
বন্যা, ঝড়, খরা বা আগুনের ঝুঁকি যে দেশের মাথার ওপর ঝুলছে, দুর্যোগ আঘাত হানার আগেই তার ঋণের খরচ বেড়ে যায়। দুর্যোগ এলে আয় কমে, পুনর্গঠনের ব্যয় বাড়ে। সেসঙ্গে ঋণ আরও বেড়ে যায়। ফলে সহনশীলতা গড়ার টাকা থাকে না, আর এ চক্র চলতেই থাকে। এ ফাঁদ থেকে উন্নয়নশীল দেশগুলোকে বের করতে জলবায়ু অর্থায়নের ধরনেই পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সংস্থার নির্বাহী সচিব সাইমন স্টিল।গতকাল শুক্রবার কপ৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়নবিষয়ক উচ্চপর্যায়ের মন্ত্রী পর্যায়ের সংলাপে তিনি এ আহ্বান জানান। অর্থের অঙ্ক পূরণ হলেই দেশগুলোর প্রয়োজন মেটে না। কীভাবে অর্থ পৌঁছানো হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ বলে মনে করেন স্টিল। এ সময় চার দফা সুপারিশও তুলে ধরেন তিনি। এতে বাংলাদেশসহ ১০০টিরও বেশি দেশের মন্ত্রীরা উপস্থিত ছিলেন।জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো কনভেনশনের পক্ষগুলোর সম্মেলনের এবারের ৩১তম (কপ৩১) আসর বসেছে তুরস্কের আন্তালিয়ায়। সম্মেলন শুরু হয়েছে ৯ নভেম্বর থেকে। চলবে আগামী ২০ নভেম্বর পর্যন্ত।
সাইমন স্টিল বলেন, অনেক উন্নয়নশীল দেশ ঋণ, দুর্যোগ ও চড়া মূলধন-ব্যয়ের নিম্নমুখী চক্রে আটকে আছে। জলবায়ু অর্থায়ন তাদের এ থেকে মুক্ত করতে পারে। এর জন্য একক প্রকল্পে অর্থায়ন থেকে অর্থনৈতিক রূপান্তরে সহায়তার দিকে যেতে হবে।ঋণের বাস্তবতা বুঝে অর্থ দিতে হবে:
অর্থায়নের শর্ত হতে হবে দেশগুলোর পরিস্থিতি ও ঋণ পরিশোধের সক্ষমতা অনুযায়ী। বেসরকারি অর্থ, ঋণ ও গ্যারান্টি দরকার; কিন্তু স্বল্পোন্নত দেশ, ছোট দ্বীপ রাষ্ট্র ও অন্যান্য অতিঝুঁকিপূর্ণ অর্থনীতির জন্য অনুদানভিত্তিক ও অত্যন্ত সহজ শর্তের অর্থ জরুরি থাকবে। ঋণ মোকাবিলায় আরও বিস্তৃত উদ্যোগও দরকার, যাতে ঋণ পরিশোধ আর সহনশীলতার মধ্যে কোনো একটিকে বেছে নিতে না হয়।
অর্থপ্রাপ্তি সহজ করতে হবে:
উন্নয়নশীল দেশগুলোকে এখন জটিল শর্ত আর প্রশাসনিক জটিলতা পেরিয়ে খণ্ডিত কর্মসূচি ও প্রতিষ্ঠানের তহবিল-সুযোগ ধরতে হয়। পদ্ধতি সহজ করা, আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং প্রশাসনিক বোঝা কমানো দরকার।
সেসঙ্গে দেশের নিজস্ব ব্যবস্থাকে বাদ নয়, শক্তিশালী করতে হবে। জাতীয় কোষাগার, স্থানীয় সরকার, উন্নয়ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান প্রতিদিন উন্নয়ন প্রকল্পে অর্থ জোগায়। সম্ভব হলে জলবায়ু অর্থ এসবের মাধ্যমেই পাঠানো উচিত এবং এ অর্থ দিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো উচিত।
অর্থ, প্রযুক্তি ও সক্ষমতা গড়ায় সমন্বয়:
দেশ, জলবায়ু তহবিল, উন্নয়ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মধ্যে পরিকল্পিত সমন্বয় দরকার। স্টিলের উদাহরণ, আগে অনুদানের সহায়তা প্রতিষ্ঠানের সক্ষমতা ও প্রকল্পের সারি গড়ে তুলতে পারে, পরে সহজ শর্তের ঋণ ও ঝুঁকি ভাগাভাগির ব্যবস্থা প্রকল্পকে বড় আকারে নিয়ে যেতে পারে।
‘একটি নতুন অধ্যায়’:
স্টিল বলেন, উন্নয়নশীল দেশগুলোকে এ ফাঁদ থেকে বের করতে হলে একক প্রকল্পে অর্থায়ন থেকে সরে অর্থনৈতিক রূপান্তরে সহায়তার দিকে যেতে হবে। তার ভাষায়, এতে একটি ইতিবাচক চক্র তৈরি হবে। জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী হলে বিনিয়োগের পরিবেশ ভালো হয়, কম খরচে বেশি পুঁজি আসে। সেই পুঁজি সহনশীলতা ও নিম্ন-নির্গমন উন্নয়নে খাটে, অর্থনীতি শক্তিশালী হয়, আর আরও বিনিয়োগ আসে।
তিনি বলেন, ‘এটি জলবায়ু অর্থায়নের একটি নতুন অধ্যায় হতে হবে।’ সংলাপগুলোর প্রসঙ্গে তিনি বলেন, এখন এমন এক নতুন পদ্ধতি এগিয়ে নিতে হবে, ‘যেখানে উন্নয়নে বিনিয়োগ করা প্রতিটি ডলার সব দেশের জন্য একটি ভালো ভবিষ্যৎ গড়ে’।
লক্ষ্য আর ‘বাকু থেকে বেলেম’ পথনকশা:
স্টিল মনে করিয়ে দেন, কানকুনে রাষ্ট্রগুলো বছরে ১০ হাজার কোটি ডলারের জলবায়ু অর্থায়ন লক্ষ্যে একমত হয়েছিল। কপ২৯-এ নতুন লক্ষ্যমাত্রা ঠিক হয়: উন্নত দেশগুলোর নেতৃত্বে বছরে ৩০ হাজার কোটি ডলার, আর সব উৎস মিলিয়ে উন্নয়নশীল দেশগুলোর জন্য অর্থায়ন বছরে ১ লাখ ৩০ হাজার কোটি (১.৩ ট্রিলিয়ন) ডলারে উন্নীত করা। দুটি লক্ষ্যই ২০৩৫ সালের মধ্যে। সেখানে পৌঁছানোর পথ হিসেবে আছে ‘বাকু থেকে বেলেম পথনকশা’, যা বাস্তবে রূপ দিতে হবে বলে তিনি জোর দেন।
এ সংলাপ অর্থায়ন নিয়ে ধারাবাহিক সংলাপের সর্বশেষটি, যার ফল কপ৩২-এর আলোচনায় যুক্ত হবে। ২০১৩ সালে চালু হওয়ার পর থেকে এই সংলাপ অগ্রগতিতে ভূমিকা রেখেছে বলে স্টিল উল্লেখ করেন।
বিশ্লেষকরা বলছেন, স্টিলের বক্তব্যের মূল বিষয় হলো, লক্ষ্যমাত্রা নির্ধারণের পর্ব মোটামুটি শেষ; এখন প্রশ্ন হলো অর্থ কোন শর্তে, কত সহজে এবং কার মাধ্যমে পৌঁছাবে। স্বল্পোন্নত ও ছোট দ্বীপ দেশগুলোর জন্য অনুদানভিত্তিক অর্থ জরুরি বলে তিনি যে জোর দিয়েছেন, তা অনেক ঝুঁকিপূর্ণ দেশের দীর্ঘদিনের দাবির সঙ্গে মেলে।
বাংলাদেশসহ এসব দেশ কপ৩১-এ অনুদানভিত্তিক অর্থায়নের দাবি তুলেছে। তবে বক্তৃতায় নির্দিষ্ট কোনো দেশ, অঙ্ক বা সময়সীমার নতুন প্রতিশ্রুতি নেই; এটি মূলত অর্থায়নের দর্শন ও দিকনির্দেশনার বার্তা।
কপ৩১-এ বাংলাদেশের সুস্পষ্ট দাবি:
কপ৩১ সম্মেলনের প্রথম সপ্তাহ প্রায় শেষ। বিশ্বনেতারা জলবায়ু পদক্ষেপের জরুরি প্রয়োজনের কথা আবারও বলেছেন; কিন্তু আলোচনার বহু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এই পরিস্থিতিতে বাংলাদেশ বলেছে, আলোচনার সাফল্য মূল্যায়ন হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে প্রতিশ্রুত সহায়তা পৌঁছানোর নিশ্চয়তার ওপর।বর্ধিত, অনুদানভিত্তিক ও সহজলভ্য জলবায়ু অর্থায়নের বিশ্বাসযোগ্য পথ, যেখানে অভিযোজন অর্থায়ন তিন গুণ করা এবং উন্নত দেশগুলোর অর্থায়ন-প্রতিশ্রুতি বাস্তবায়নের সুস্পষ্ট রূপরেখা থাকবে। এখন পর্যন্ত আলোচনার ভিত্তিতে সম্মেলন থেকে বাংলাদেশ ছয় ধরনের প্রত্যাশা তুলে ধরেছে।
গতকাল শুক্রবার আন্তালিয়ায় বাংলাদেশ প্রতিনিধি দলের সংবাদ সম্মেলনে এসব প্রত্যাশা তুলে ধরা হয়। সম্মেলনে বাংলাদেশের পরিবেশমন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু লিখিত বক্তব্য তুলে ধরেন।
কপ৩১-এর দ্বিতীয় সপ্তাহে এলডিসি জোট, জি৭৭ ও চীন এবং অন্য অংশীদার দেশগুলোর সঙ্গে কাজ করার কথা জানিয়ে বাংলাদেশ কয়েকটি প্রত্যাশা তুলে ধরেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ আরও অনেকে।
পরিবেশ মন্ত্রী বলেন, সম্মেলন শেষে বৈশ্বিক অভিযোজন লক্ষ্য ও জাতীয় অভিযোজন পরিকল্পনার বাস্তব প্রয়োগ আশা করছি, যাতে অর্থ, প্রযুক্তি ও সক্ষমতা স্থানীয় জনগোষ্ঠীর কাছে পৌঁছায়। আরও সম্পদশালী ও দ্রুত সাড়াদানকারী ক্ষয়ক্ষতি তহবিল। কার্যকর ও বাস্তবায়নমুখী প্রশমন কর্মসূচি অব্যাহত রাখা। ন্যায্যতা, বহুপক্ষীয়তা এবং স্বল্পোন্নত ও জলবায়ু-ঝুঁকিতে থাকা দেশগুলোর বিশেষ পরিস্থিতির স্বীকৃতি বজায় রাখে এমন ফলাফল আসবে বলে আশা করছি আমরা।
নতুন অর্থের সুখবর:
সংবাদ সম্মেলনে জানানো হয়, গতকাল ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডস (সিআইএফ) ঘোষণা করেছে, বাংলাদেশ প্রথম পাঁচটি দেশের একটি, যেগুলো প্রত্যেকে ৩ কোটি ডলার পাওয়ার প্রত্যাশা করছে। এই অর্থ উপকূলীয় অবকাঠামো মজবুত করা এবং জলবায়ুবান্ধব কৃষি এগিয়ে নেওয়ায় ব্যবহার হবে।
বাংলাদেশ কী চায়:
স্বল্পোন্নত দেশগুলোর জোট (এলডিসি গ্রুপ) ২০৩৫ সালের আগেই অভিযোজন অর্থায়ন বছরে ১২ হাজার কোটি ডলারে তিনগুণ করার দাবি জানাচ্ছে। এ ছাড়া গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ), গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি ও অ্যাডাপটেশন ফান্ডে সরাসরি প্রবেশাধিকার সহজ করার কথাও আবার বলা হয়েছে।
ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে (এফআরএলডি) জমা পড়া প্রকল্প প্রস্তাবের তুলনায় সম্পদ অপ্রতুল বলে স্বল্পোন্নত দেশগুলো জানিয়েছে। বাংলাদেশ চায় বেশি অনুদান, সরাসরি প্রবেশাধিকার সহজ করা, দ্রুত অর্থ ছাড় এবং অর্থনৈতিক ও অ-অর্থনৈতিক উভয় ধরনের ক্ষতির জন্য সহায়তা।
ন্যায্য রূপান্তর:
ন্যায্য রূপান্তর কর্মসূচি চালু রাখা এবং প্রস্তাবিত ‘ন্যায্য রূপান্তর ব্যবস্থা’ জোরদার করার পক্ষে সমর্থন বাড়ছে। বাংলাদেশ চায় দেশের চাহিদানির্ভর, অনুরোধভিত্তিক ও বাস্তবায়নমুখী ব্যবস্থা, যেখানে স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ দেশ অগ্রাধিকার পাবে।
স্বল্পোন্নত ও ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল দেশের ওপর বাড়তি বাধা না চাপানো ন্যায্য ব্যবস্থার পক্ষে বাংলাদেশ।
বিজ্ঞান, প্রযুক্তি ও অন্তর্ভুক্তি:
উপকূলীয় জলবায়ু পর্যবেক্ষণ ও পর্যবেক্ষণে ঘাটতির কথা তুলে আবহাওয়া ও জলবিজ্ঞান সেবা, আগাম সতর্কতা ব্যবস্থা ও জলবায়ু তথ্য জোরদারের আহ্বান জানানো হয়েছে। প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি, জলবায়ু প্রযুক্তি কেন্দ্র ও নেটওয়ার্কের পর্যাপ্ত সম্পদ এবং ‘বেলেম জেন্ডার অ্যাকশন প্ল্যান’ কার্যকর করার কথাও বলা হয়েছে।
বাণিজ্য-বৈষম্যের উদ্বেগ:
ইউরোপীয় ইউনিয়নের কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজমের (সিবিএএম) মতো একতরফা জলবায়ু-সংক্রান্ত বাণিজ্য পদক্ষেপ উন্নয়নশীল দেশের উদ্যোগ, শ্রমিক ও রপ্তানি খাতকে অসামঞ্জস্যপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে বাংলাদেশ উদ্বিগ্ন। জলবায়ু নীতি ন্যায্য, সহযোগিতামূলক এবং ‘অভিন্ন কিন্তু ভিন্ন দায়িত্ব’ নীতির সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে বলে তারা মনে করে।
বিজ্ঞানের সতর্কতা, বাংলাদেশের ভূমিকা:
ঘূর্ণিঝড়, বন্যা, লবণাক্ততার অনুপ্রবেশ ও তাপপ্রবাহ বাংলাদেশের মানুষের জীবন, জীবিকা ও অর্জিত উন্নয়নকে হুমকিতে ফেলছে। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। তবু দেশটি উচ্চাকাঙ্ক্ষী পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিনিধি দল জানায়। তৃতীয় জাতীয়ভাবে নির্ধারিত অবদানে (এনডিসি ৩ দশমিক শূন্য) ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক অবস্থার তুলনায় শর্তহীনভাবে ৬ দশমিক ৩৯ শতাংশ এবং শর্তসাপেক্ষে আরও ১৩ দশমিক ৯২ শতাংশ নির্গমন কমানোর লক্ষ্য রাখা হয়েছে।





















